লেটেস্ট নিউজ

ব্যাংকের গাফিলতিতে ক্ষতি? এবার মিলবে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে আপনি কি অসন্তুষ্ট? কর্মীদের দুর্ব্যবহার বা পরিষেবার গাফিলতিতে কি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন? গ্রাহকদের জন্য এবার বড়সড় স্বস্তির খবর নিয়ে এল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম, যেখানে ব্যাংকের ভুলে আর্থিক ক্ষতির শিকার হলে গ্রাহক ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

হয়রানি হলেও মিলবে টাকা

নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধু আর্থিক ক্ষতি নয়, যদি ব্যাংকের কারণে গ্রাহকের অহেতুক সময় নষ্ট হয় কিংবা মানসিক হয়রানির শিকার হতে হয়, তবে তার জন্যও ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এর জন্য গ্রাহককে আর কনজিউমার কোর্ট বা উচ্চ আদালতের চক্কর কাটতে হবে না। সরাসরি রিজার্ভ ব্যাংকের ওম্বুডসম্যান বা লোকপালে অভিযোগ জানালেই মিলবে সুরাহা।

কোন কোন ক্ষেত্রে অভিযোগ করা যাবে?

রিজার্ভ ব্যাংক একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। যেসব ক্ষেত্রে অভিযোগ জানানো যাবে:

  • এটিএম, ডেবিট বা ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা।
  • সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা এবং ব্যবহার।
  • ঋণ প্রদান বা রিকভারি এজেন্টদের দুর্ব্যবহার।
  • কেওয়াইসি (KYC) আপডেট বা অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া।
  • প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিষেবায় অবহেলা।
  • ভুল বুঝিয়ে আর্থিক পণ্য বিক্রি (Mis-selling)।
  • পেনশন, চেক বা ড্রাফট সংক্রান্ত সমস্যা।

অভিযোগ জানানোর প্রক্রিয়া

নিয়ম অনুযায়ী, সমস্যা দেখা দিলে গ্রাহককে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানাতে হবে। সেখানে ৩০ দিনের মধ্যে সমাধান না হলে, গ্রাহক ওম্বুডসম্যানের দ্বারস্থ হতে পারবেন। অভিযোগ জানানোর জন্য গ্রাহক এখন থেকে ৯০ দিন পর্যন্ত সময় পাবেন। লোকপালে নির্দিষ্ট ফর্মে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় নথি এবং ক্ষতিপূরণের দাবির সপক্ষে যুক্তি দাখিল করতে হবে।

সরকারি ও বেসরকারি ব্যাংকের পাশাপাশি এই সুবিধা পাওয়া যাবে গ্রামীণ ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, এনবিএফসি (NBFC) এবং ক্রেডিট ইনফরমেশন কো ম্পা নিগুলির বিরুদ্ধেও। ১ জুলাই থেকে এই যুগান্তকারী নিয়ম কার্যকর হলে ব্যাংকিং পরিষেবায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *