ব্যাঙ্কেও মিলবে না এত সুদ! Amazon Pay-তে FD করলেই কেল্লাফতে, জানুন বিনিয়োগের সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
পেমেন্ট ও বিল পরিষেবার পর এবার বিনিয়োগের বাজারে বড় চমক দিল আমাজন পে (Amazon Pay)। পাঁচটি ব্যাঙ্ক ও দুটি এনবিএফসির সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা শুরু করল ফিক্সড ডিপোজিট পরিষেবা। মাত্র ১ হাজার টাকা থেকেই এখানে বিনিয়োগ শুরু করা সম্ভব। এই প্রকল্পে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন গ্রাহকরা। বিশেষ করে শ্রীরাম ফিনান্সে বিনিয়োগ করলে মহিলারা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন।
সম্পূর্ণ ডিজিটাল এই পদ্ধতিতে কোনো আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি আমাজন পে অ্যাপ থেকে স্থায়ী আমানত খোলা যাবে। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি বিনিয়োগে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারের সুবিধাও থাকছে। ঘরে বসে সহজে এবং দ্রুত বিনিয়োগের এই নতুন সুযোগটি স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

