ব্রিগেডে মোদীর সভার আগে বারাসতে বিজেপির অস্বস্তি, টিফিনের টাকা আত্মসাতের অভিযোগে তুঙ্গে কোন্দল – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি চলাকালীন বারাসাতে বিজেপির অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে এল। দলেরই এক নেতার সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই শোরগোল শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে কর্মীদের টিফিনের জন্য বরাদ্দ মাথাপিছু ৩০০ টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় নেতৃত্বের একাংশ। বিষয়টি জানাজানি হতেই দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটি ছড়িয়ে পড়তেই বহু কর্মী-সমর্থক মন্তব্য করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, মাঠে যাঁরা পরিশ্রম করেন তাঁরা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও সংশ্লিষ্ট পোস্টে সরাসরি কর্মসূচির নাম উল্লেখ করা হয়নি, তবে দলীয় কর্মীদের একাংশের দাবি এটি বিজেপি নেতৃত্বকেই ইঙ্গিত করে লেখা। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
এই পরিস্থিতি নিয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় কটাক্ষ করে জানান, বিজেপি নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নতুন কিছু নয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করা হলেও বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। জেলা বিজেপি নেতা তাপস মিত্র জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে তবেই মন্তব্য করা সম্ভব। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভার আগে গোষ্ঠীদ্বন্দ্বে সরগরম বারাসাতের রাজনীতি।

