লেটেস্ট নিউজ

ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, উঠল শুভেন্দু ঘনিষ্ঠতার অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভবানীপুর কেন্দ্রের নবনিযুক্ত রিটার্নিং অফিসারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই তালিকায় ভবানীপুর কেন্দ্রে সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হলে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

ঘাসফুল শিবিরের অভিযোগ, নবনিযুক্ত এই আধিকারিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই পক্ষপাতিত্বের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তৃণমূল। উল্লেখ্য, এবার জেলাশাসকদের পরিবর্তে মহকুমাশাসক বা এসডিও পর্যায়ের আধিকারিকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করছে কমিশন, যা অন্যান্য রাজ্যে প্রচলিত থাকলেও বাংলায় নতুন।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে পুলিশ ও প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল চালাচ্ছে কমিশন। ইতিমধ্য়েই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বীরভূম, মালদা ও পূর্ব মেদিনীপুরসহ একাধিক জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সরিয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চাইছে কমিশন। এই ডামাডোলের মধ্যেই ভবানীপুরের নিয়োগ ঘিরে সংঘাত নয়া মাত্রা পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *