ভবানীপুরে তৃণমূলের প্রচারের মূল অস্ত্র ‘উন্নয়ন’ ও ‘ঘরের মেয়ে’ মমতা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভবানীপুর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ব্যবধানে জয়ী করতে বিশেষ রণকৌশল সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারের রূপরেখা চূড়ান্ত করা হয়। ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার ও কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকে প্রতিটি ওয়ার্ডে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মীদের জানিয়েছেন, তিনি সারাবছর মানুষের পাশে থাকেন এবং সেই সেবার ধারা বজায় রাখতে হবে। গত উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধান এবার আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দল। বিরোধীদের কোনো প্ররোচনায় পা না দিয়ে শান্তভাবে প্রচার চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
প্রচার কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি বাড়িতে লিফলেট পৌঁছে দেবেন দলীয় কর্মীরা। যেখানে রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। কর্মিসভা, পথসভা ও মিছিলের পাশাপাশি ভোটারদের সাথে ব্যক্তিগত স্তরে যোগাযোগ স্থাপনের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবার ভবানীপুরে বিপুল জয় নিশ্চিত করবেন ঘরের মেয়ে মমতা।

