ভয়াবহ দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কে: সাত সকালে প্রাণ হারালেন ২ জন, নেপথ্যে কি কুয়াশা? – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার ভোরে হাওড়ার বাগনানের বরুণদা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে দেউলটি থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়ি। প্রচণ্ড ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও গাড়ির কেবিনে আটকে পড়া চালক ও তাঁর সঙ্গীকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গাড়িতে থাকা এক খালাসি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত বাগনান হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ব্যক্তিরা নবাসন এলাকার একটি পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।

