ভয়ের গেমে ডুবে বিপদ! কিশোরদের ডিজিটাল আসক্তি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এবেলা
এবেলা ডেস্কঃ
শুরুটা নিরীহ এক গেমপ্লে দিয়ে—একটি শিশুর দেখভাল, তাকে খাওয়ানো বা খেলানো। কিন্তু লেভেল যত বাড়ে, ততই বদলে যায় পরিবেশ। শিশুটির আচরণ ও চেহারায় ভেসে ওঠে অতিপ্রাকৃত আতঙ্ক, আর গেমারের সামনে শুরু হয় ভয়ংকর টিকে থাকার লড়াই। এমনই হরর গেম ‘দ্য বেবি ইন ইয়েলো’ ও ‘ইভিল নান’-এর মতো গেম এখন কিশোর-কিশোরীদের মধ্যে দ্রুত জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গেম দীর্ঘ সময় ধরে খেললে বাস্তব ও ভার্চুয়াল জগতের সীমারেখা ঝাপসা হয়ে যায়।
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চরম অনলাইন গেম ও ভিডিও–আসক্তি তাদের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল। মনোবিদরা একে বলছেন ‘ডিজিটাল এসকেপিস্ট সিনড্রোম’—যেখানে বাস্তব জীবনের চাপ এড়াতে শিশুরা অন্ধকার ভার্চুয়াল দুনিয়ায় আশ্রয় নেয়। টানা ভয় ও উত্তেজনার মধ্যে থাকার ফলে ডোপামিন নিঃসরণ বাড়ে, সাধারণ জীবনের আনন্দ তখন নিষ্প্রভ লাগে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অভিভাবকদের উচিত সন্তানের ইন্টারনেট ব্যবহারে কড়া নজরদারি, স্মার্টফোনে পেরেন্টাল কন্ট্রোল ও স্ক্রিন-টাইম সীমা নির্ধারণের পাশাপাশি তাদের সঙ্গে খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা—তবেই এই নীরব ডিজিটাল বিপদ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব।
