ভাঙড়ে অত্যাচারের প্রতিবাদে আইএসএফে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (আইএসএফ) যোগদান করলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। বৃহস্পতিবার ফুরফুরা শরীফে আইএসএফের কার্যালয়ে দলের রাজ্য কমিটির সভাপতি সামসুর আলি মল্লিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। গত ১৬ মার্চ পীরজাদা হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে তৃণমূল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আরাবুল। সেই প্রতিশ্রুতি মেনেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো।
আইএসএফে যোগ দেওয়ার কারণ হিসেবে আরাবুল ইসলাম সরাসরি বর্তমান শাসকদলের সমালোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভাঙড়ে চলা অনবরত অত্যাচার এবং জনৈক ব্যক্তির হাতে এলাকার দায়িত্ব তুলে দেওয়ার প্রতিবাদেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এলাকায় বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার দিকে আঙুল তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিনের আলোচনার পর এই যোগদান সম্পন্ন হয়েছে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নতুন দলে যোগ দিয়ে আরাবুল ইসলাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ও বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে নিজের নেতা হিসেবে মেনে নেওয়ার কথা জানান। এই রাজনৈতিক পালাবদলকে তিনি নিজের কাছে অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। ভাঙড়ের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই নেতার দলবদল আসন্ন দিনগুলিতে স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

