ভাঙড়ে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজি, উদ্ধার ৫টি তাজা বোমা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202610:28 am
ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে লক্ষ্য করে পোলেরহাট এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। আহত দলীয় নেতা খাইরুল ইসলামকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানো হয় বলে দাবি। এই হামলায় বিধায়কের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই হামলার ঘটনায় সরাসরি আইএসএফ-এর (ISF) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সওকত মোল্লা। যদিও আইএসএফ নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এলাকায় বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। নির্বাচনের আগে দফায় দফায় এই অশান্তির ঘটনায় স্থানীয় প্রশাসনের উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

