ভারতের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
রুশ তেল আমদানি কমানোর বিনিময়ে ২৫ শতাংশ শুল্ক ছাড়ের আর্জি জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন। এয়ার ফোর্সবান বিমানে ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী থাকাকালীন গ্রাহাম জানান, গত মাসে রাষ্ট্রদূতের বাসভবনে এক বৈঠকে ভারত এই প্রস্তাব দেয়। মূলত রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমানোর বার্তা দিয়ে মার্কিন বাণিজ্য সুবিধা লাভের চেষ্টা করছে নয়াদিল্লি।
তবে ভারতের এই পদক্ষেপে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। তিনি সাফ জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী ভালো মানুষ হলেও রুশ তেল ক্রয় নিয়ে তিনি অখুশি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, পরিস্থিতির উন্নতি না হলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর দ্রুত আরও শুল্ক বাড়ানো হতে পারে। চালসহ একাধিক পণ্যে নতুন করে কর আরোপের হুমকি ঘিরে এখন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে অস্থিরতা তৈরি হয়েছে।

