স্পোর্টস

ভারতের কাছে পর্যুদস্ত পাকিস্তান, লজ্জার হার দেখতে না পেরে মাঝপথেই স্টেডিয়াম ছাড়লেন মহসিন নকভি

শ্রীলঙ্কার মাটিতে ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক হারের সাক্ষী হতে পারলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬১ রানে পরাজিত হয় পাকিস্তান। গ্যালারিতে উপস্থিত থাকলেও দলের বিপর্যয় দেখে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন তিনি। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ৫টি উইকেট পড়ে যাওয়ার পরই নকভিকে আর গ্যালারিতে দেখা যায়নি।

ম্যাচের শুরুতে ক্রিকেটারদের উৎসাহ দিলেও মাঠে তার প্রতিফলন ঘটেনি। প্রথমে ব্যাট করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে, যেখানে ঈশান কিশন ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পরাজয় নিশ্চিত বুঝেই খেলা শেষ হওয়ার আগেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীসহ স্টেডিয়াম থেকে বেরিয়ে যান পিসিবি প্রধান।

বিসিসিআই সভাপতি মিঠুন মিনহাস এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহসহ অন্যান্য কর্মকর্তারা শেষ পর্যন্ত উপস্থিত থাকলেও নকভির আগাম প্রস্থান ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জয় শাহর সঙ্গে একটি নির্ধারিত বৈঠক থাকা সত্ত্বেও নকভির এভাবে মাঠ ছাড়া পাকিস্তানের শোচনীয় পারফরম্যান্সের প্রতি তাঁর চরম হতাশারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নকভির এই আকস্মিক প্রস্থান ক্রিকেট ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *