ভারতে কবে খুশির ইদ তা নিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল নাখোদা মসজিদ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার নাখোদা মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২১ মার্চ ভারতে পবিত্র ইদ-উল-ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও রমজানের পবিত্রতা রক্ষার পর এই উৎসব মুসলিম সম্প্রদায়ের জন্য বয়ে আনবে অনাবিল আনন্দ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যারা নিষ্ঠার সাথে উপবাস ও প্রার্থনা করেন, এই পুণ্য দিনে ঈশ্বর তাদের অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন।
ইদ-উল-ফিতর মূলত উপবাস ভঙ্গের উৎসব যা ভ্রাতৃত্ব ও ত্যাগের মহিমায় ভাস্বর। এই বিশেষ দিনে সকালে নতুন পোশাকে মসজিদে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষেরা। নামাজের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং ঘরে ঘরে রকমারি সুস্বাদু খাবারের আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। হিজরি ক্যালেন্ডারের দশম মাসের এই প্রথম দিনটি আনন্দ ও উৎসবের আবহে সারা দেশে পালিত হবে।

