“ভারত আমাকে ভয় পায়” স্কুলছাত্রদের মনে ভারত-বিদ্বেষের বিষ ছড়াচ্ছে মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সাইফুল্লাহ
পাকিস্তানের মুলতানের একটি স্কুলে লস্কর-ই-তৈয়বার সহ-সভাপতি তথা ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল্লাহ কাসুরির ঘৃণা ছড়ানোর ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কাসুরিকে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা গেছে। নিজেকে অপরাজেয় দাবি করে সে জানায়, তার নাম শুনলেই নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ভয়ে কাঁপে। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের নদ-নদী এবং বাঁধগুলো নিজের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকেও হুঁশিয়ারি দিয়েছে এই কুখ্যাত জঙ্গি নেতা।
পহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী এই কাসুরি পাকিস্তান সেনাবাহিনীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। সে দাবি করেছে, পাক সেনাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় তাকে বিশেষ আমন্ত্রণে নিয়ে যাওয়া হয় এবং লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর পুনর্নির্মাণে পাকিস্তান সরকার বিপুল অর্থ সহায়তা দিচ্ছে। শিশুদের মনে ভারতের প্রতি ঘৃণা জাগাতে একটি উগ্রবাদী রাজনৈতিক দলের পেজ থেকে এই ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। একজন ঘোষিত সন্ত্রাসীকে স্কুলের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেওয়ায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিমধ্য়েই তীব্র নিন্দার ঝড় উঠেছে।

