ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে বড় সাফল্য, ট্যারিফ কমে ১৮ শতাংশে – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ভারতের উপর আরোপিত ৫০ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে এবং অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। তাঁর দাবি, অন্যান্য দেশের তুলনায় ভারতের জন্য এই ট্যারিফ হার অনেকটাই কম। যেখানে চিনের পণ্যে ৩৫ শতাংশ, ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে ২০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার উপর ১৯ শতাংশ ট্যারিফ রয়েছে, সেখানে ভারতের উপর ধার্য ১৮ শতাংশ শুল্ক যথেষ্ট সুবিধাজনক। একই সঙ্গে বহু পণ্যে শূন্য শুল্কের সুবিধাও মিলছে।
মন্ত্রী জানান, ভারত থেকে রত্ন ও গয়না, হিরে, চা, কফি, মশলা, নারকেল ও নারকেল তেল, কাজু, বিভিন্ন ফল রপ্তানিতে কোনও ট্যারিফ লাগবে না। অটো পার্টস, বিমানের যন্ত্রাংশ, ঘড়ি ও এসেনশিয়াল অয়েলও শুল্কমুক্ত থাকবে। তবে কৃষকদের স্বার্থ রক্ষায় জিএম ফসল, মাংস, পোলট্রি, দুগ্ধজাত পণ্য, সয়াবিন, গম, চিনি, মিলেট-সহ কিছু পণ্যে ছাড় দেওয়া হয়নি এবং সেগুলিতে ১৮ শতাংশ কর বহাল থাকবে। স্মার্টফোন ও ফার্মাসিউটিক্যালসেও শুল্ক নেই। পীযূষ গয়ালের মতে, এই চুক্তির মাধ্যমে ভারত–আমেরিকার বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছবে এবং কৃষি ও ডেয়ারি শিল্পসহ সামগ্রিক অর্থনীতিতে বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও দুই দেশের স্বার্থ রক্ষা করেই আলোচনা এগোবে বলে আশাবাদী কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী।

