ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: তুঙ্গে রণসজ্জা ও উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এই হামলা লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে এবং অন্যটি মার্কিন যুদ্ধজাহাজের ইন্টারসেপ্টর দ্বারা প্রতিহত করা হয়। এই ঘটনার পর ওয়াশিংটন বা লন্ডনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি এশিয়া ও আফ্রিকার সামরিক নজরদারির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যা এর আগে ইরাক ও আফগানিস্তান অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক এই হামলার প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে পেন্টাগন। ইউএসএস বক্সারসহ একাধিক অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও নতুন বাহিনী ইতিমাজেই ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমানে সেখানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ড্রোন ও দ্রুতগতির নৌযানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মার্কিন বাহিনী। মিত্র দেশগুলোও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে সম্ভাব্য ড্রোন হামলা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। ভারত মহাসাগর থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত এই সামরিক উত্তেজনা বর্তমানে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে, যা যেকোনো সময় বড়সড় সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

