লেটেস্ট নিউজ

ভিনিসিয়াসের প্রতি সমকামীবিদ্বেষী মন্তব্যের স্বীকারোক্তি বেনফিকা ফুটবলারের, উত্তাল উয়েফা

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে নতুন মোড় এসেছে। বেনফিকার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি উয়েফার তদন্তে স্বীকার করেছেন যে, তিনি বর্ণবিদ্বেষী শব্দ ব্যবহার না করলেও একটি ‘সমকামীবিদ্বেষী’ গালি দিয়েছিলেন। লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই নক্কোরজনক ঘটনাটি ঘটে, যার ফলে মাঠে দীর্ঘক্ষণ উত্তেজনা বিরাজ করছিল।

ম্যাচ চলাকালীন ভিনিসিয়াসকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কিলিয়ান এমবাপে খেলা চালিয়ে যেতে অস্বীকার করেন। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ইতিমধ্যে উয়েফার কাছে এই ঘটনার যাবতীয় প্রমাণ দাখিল করেছে। অন্যদিকে, প্রেস্তিয়ানি দাবি করেছেন যে তিনি স্প্যানিশ ভাষায় গালি দিলেও সেটি বর্ণবিদ্বেষী ছিল না। এই ঘটনায় ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট ফুটবলারের কঠোর শাস্তির দাবি উঠেছে।

উয়েফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বর্ণ, ধর্ম বা যৌন অভিমুখিতা নিয়ে কোনো প্রকার অপমানজনক মন্তব্য করলে অভিযুক্ত ফুটবলারকে ন্যূনতম ১০ ম্যাচের জন্য বহিষ্কার করা হতে পারে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে প্রেস্তিয়ানির ভাগ্যে কী শাস্তির বিধান জোটে, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়ামহল। ফুটবলে বিদ্বেষমূলক আচরণ বন্ধে উয়েফার এই সিদ্ধান্ত একটি বড় বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *