ভিয়েতনামের ভূত দেখছে আমেরিকা? এফ-৩৫ ধ্বংস করে ট্রাম্পের জয়ের দম্ভ চুরমার করল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক । ইরানকে কবজায় আনা যতটা সহজ ভেবেছিল আমেরিকা, বাস্তবে পরিস্থিতি তার উল্টো। যুদ্ধের ২১তম দিনে মার্কিন দম্ভের প্রতীক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করে এবং রণতরী ইউএসএস জেরাল্ডকে পিছু হটতে বাধ্য করে ট্রাম্প প্রশাসনের জয়ের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে তেহরান।
শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি এক্স হ্যান্ডেলে ওয়াশিংটনকে ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, ভিয়েতনামে যখন হাজার হাজার মার্কিন সেনা মরছিল, তখনও হোয়াইট হাউস দেশবাসীকে মিথ্যে জয়ের আশ্বাস দিয়েছিল। আজও ঠিক একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটছে। মার্কিন যুদ্ধসচিব পেট হেগসেথ দাবি করছেন ইরানের এয়ার ডিফেন্স শেষ, অথচ বাস্তবে মার্কিন যুদ্ধবিমান ও রণতরীগুলো একের পর এক আঘাত সইছে।
হরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়ে বিশ্বজুড়ে তেল সরবরাহ তছনছ করে দিয়েছে ইরান। আমেরিকার বিপুল ক্ষয়ক্ষতির খতিয়ান দিয়ে আরাগাচি স্পষ্ট করেছেন, দশকের পর দশক পার হলেও পেন্টাগনের মিথ্যে বলার অভ্যাস বদলায়নি। ভিয়েতনামে যে পরাজয়ের লজ্জা নিয়ে ১৯৭৩ সালে আমেরিকা বিদায় নিয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন কূটনীতিকরা।

