লেটেস্ট নিউজ

ভুয়ো মহিলা আইনজীবীর মধুচক্রের ফাঁদে পুলিশ অফিসার, খোয়ালেন নগদ ও সোনার গয়না – এবেলা

এবেলা ডেস্কঃ

সালেম জেলার ওমালুরু থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ভূপতি এক চাঞ্চল্যকর ‘হানিট্র্যাপ’-এর শিকার হয়েছেন। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আলামেলু (২৫) নামে এক তরুণী ওই পুলিশ অফিসারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা ও সোনা হাতিয়ে নেন।

সম্পর্কের শুরু ও প্রতারণা

তদন্তে জানা গেছে, গত মে মাসে একটি খুনের মামলায় দুই অভিযুক্তের হয়ে কথা বলতে এসআই ভূপতির সঙ্গে দেখা করেন আলামেলু। নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, অভিযুক্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই আলাপ থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্তদের মামলা থেকে রেহাই দেওয়ার নাম করে আলামেলু প্রথমে ভূপতির কাছ থেকে ৯২,০০০ টাকা হাতিয়ে নেন।

পরিকল্পিত হামলা ও ব্ল্যাকমেইল

গত দুদিন আগে রাতে ওমাকৌন্ডামপট্টি এলাকায় নির্জনে দেখা করার জন্য ভূপতিকে ডাকেন আলামেলু। রাত ১১টা নাগাদ তাঁরা যখন নিভৃতে ছিলেন, তখনই আগে থেকে ওত পেতে থাকা চার যুবকের একটি দল সেখানে চড়াও হয়। তারা দুজনের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইল শুরু করে। দুষ্কৃতীরা এসআই-এর গলা থেকে সাড়ে তিন ভরি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে আরও ২৭,০০০ টাকা আদায় করে চম্পট দেয়।

তদন্তে বিস্ফোরক তথ্য

অপমান ও আর্থিক ক্ষতির মুখে পড়ে শেষ পর্যন্ত থিভাট্টিপট্টি থানায় অভিযোগ দায়ের করেন ভূপতি। পুলিশ আলামেলুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে আসল সত্যি। জানা যায়, ওই তরুণী আদতে কোনো আইনজীবীই নন, বরং সুপরিকল্পিতভাবে পুলিশ অফিসারকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানোই ছিল তাঁর উদ্দেশ্য। এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *