ভুল নথিতে আধারের জন্মতারিখ আপডেট করলে এবার শ্রীঘর যেতে পারেন গ্রাহক
আধার কার্ডে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে, আসাম্পূর্ণ তথ্য বা অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ থাকলেও ভুয়ো নথির প্রমাণ মিললে সংশ্লিষ্ট গ্রাহক বা তাঁর অভিভাবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। জালিয়াতি রুখতে এবং পরিচয়পত্রের স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ডে জন্মতারিখ পরিবর্তনের জন্য এখন থেকে বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশেষ করে আঠারো বছর বয়সের নিচে আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম মানতেই হবে। তবে কারোর কাছে সংশোধিত বার্থ সার্টিফিকেট থাকলে সেটি দেখিয়েও আধার আপডেট করার সুযোগ মিলবে। জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সংস্থার এমন কঠোর মনোভাব সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে।

