ভূমিকম্পের জেরে কলকাতায় নামতে বিভ্রাট ভারতীয় ক্রিকেট দলের – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ‘কোয়ার্টার ফাইনাল’ সমতুল্য ম্যাচের আগে বিপত্তিতে পড়ল ভারতীয় দল। শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অনুভূত ৫.০ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এই কম্পনের জেরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় নির্ধারিত সময়ে নামতে পারেনি সূর্যকুমার যাদবদের বিমান।
চেন্নাই থেকে আসা ভারতীয় দলের বিমানটি বিকেল সাড়ে চারটেয় অবতরণের কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে তা প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে নিরাপদেই কলকাতায় পা রাখেন গৌতম গম্ভীর ও তাঁর ছাত্ররা। তবে আহমেদাবাদ থেকে আসা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলের অবতরণে কোনও সমস্যা হয়নি।
আগামী ১ মার্চ ইডেন গার্ডেন্সে দুই দলের মরণবাঁচন লড়াই। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ায়, রবিবাসরীয় এই ম্যাচের জয়ী দলই গ্রুপের দ্বিতীয় সদস্য হিসেবে শেষ চারে পৌঁছাবে। দীর্ঘ বিমান বিভ্রাট কাটিয়ে এখন ইডেনের বাইশ গজে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।

