লেটেস্ট নিউজ

ভোজশালা চত্বরে একই সঙ্গে সরস্বতী পুজো ও নামাজ পাঠের ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের ধর জেলার বিতর্কিত ভোজশালা-কামাল মওলা মসজিদে সরস্বতী পুজো ও শুক্রবারের নামাজ একই দিনে পড়ায় বিশেষ রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা এই চত্বরে পুজো করতে পারবেন। অন্যদিকে, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত নির্দিষ্ট এলাকায় নামাজ পড়তে পারবেন মুসলিমরা। তবে নামাজে অংশগ্রহণকারীদের তালিকা আগেভাগে প্রশাসনের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একাদশ শতকের এই ঐতিহাসিক ইমারতটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে রয়েছে।

আদালতে হিন্দু পক্ষের আইনজীবী সরস্বতী পুজোর দিন শুধু পুজো করার অনুমতি চাইলেও শীর্ষ আদালত উভয় পক্ষকেই প্রার্থনার অধিকার দিয়েছে। রায়ে বলা হয়েছে, দুই সম্প্রদায়কেই পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হিন্দুরা এটিকে রাজা ভোজের তৈরি বাগদেবীর মন্দির এবং মুসলিমরা কামাল মওলা মসজিদ বলে দাবি করে আসছেন। ২০০৩ সালের নিয়ম অনুযায়ী প্রতি মঙ্গলবার পুজো এবং শুক্রবার নামাজের অনুমতি থাকলেও, এবারের বিশেষ তিথিতে উভয় পক্ষের সহাবস্থান নিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *