ভোটকেন্দ্রে শিক্ষককে মারধর! বিডিও-র বিরুদ্ধে নজিরবিহীন অ্যাকশন জেলাশাসকের – এবেলা
এবেলা ডেস্কঃ
রানাঘাট
নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে সরকারি প্রকল্পের ভিডিও দেখানো নিয়ে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল। নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, আদর্শ নির্বাচনী আচরণবিধি চলাকালীন কেন সরকারি প্রচার চালানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলায় বিডিও সায়ন্তন ভট্টাচার্যের উপস্থিতিতেই তাঁর ওপর হামলা চালানো হয়।
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিয়েছেন জেলাশাসক শ্রীকান্ত পাল্লি। হাঁসখালির বিডিও-কে শোকজ করার পাশাপাশি বিডিও অফিসের দুই কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসক জানিয়েছেন, পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। প্রশাসনের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত মুখ্যমন্ত্রীর ছবি প্রজেক্টরে ভেসে উঠেছিল। তবে শিক্ষক নিগ্রহের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার জেরে শুক্রবারের প্রশিক্ষণ শিবির বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। ভোটের মুখে খোদ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিধিভঙ্গ ও হিংসার অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

/indian-express-bangla/media/media_files/2026/02/15/eci-directs-deos-west-bengal-sir-document-upload-scrutiny-2026-02-15-17-00-52.jpg?ssl=1)