লেটেস্ট নিউজ

ভোটপ্রচারে মমতার ‘হাতা-খুন্তি’ নিদান, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সিইও-র রিপোর্ট তলব কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। মাটিগাড়া-নকশালবাড়ির জনসভা থেকে মা-বোনেদের উদ্দেশে তিনি বলেছিলেন, “ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা-খুন্তি তাই নিয়ে বেরোবেন।” এই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই অশান্তির আশঙ্কায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে কমিশন।

জনসভায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও প্রশাসনিক রদবদল নিয়ে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। বহিরাগতদের রুখতে এবং বুথ পাহারার জন্য মহিলাদের ঘরোয়া সরঞ্জাম নিয়ে বেরিয়ে আসার যে আহ্বান তিনি জানিয়েছেন, তাকেই ‘উস্কানিমূলক’ হিসেবে দেখছে কমিশন।

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিপূর্বেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বাঘাযতীনে তৃণমূল কর্মী খুন এবং বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার মতো ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই বাসন্তী থানার আইসি-কে সাসপেন্ড করেছে কমিশন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সিইও-র রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *