লেটেস্ট নিউজ

ভোটারের বাড়িতে খুন্তি হাতে মাছের ঝোল রাঁধলেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর প্রচার ঘিরে তুঙ্গে চর্চা। মঙ্গলবার জহুরাতলায় পুজো দিয়ে গ্রামাঞ্চলে প্রচার শুরু করেন তিনি। যদুপুর ও অমৃতিতে কর্মিসভা শেষে অমৃতি অঞ্চলের ৩৪ নম্বর বুথের বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন প্রার্থী। প্রচারের চিরাচরিত ধরনের বাইরে গিয়ে এদিন এক অভিনব জনসংযোগের ছবি ধরা পড়ল তাঁর এই কর্মসূচিতে।

রাধিকা মণ্ডলের বাড়িতে পৌঁছে আশিসবাবু দেখেন মধ্যাহ্নভোজের মেনুতে ভাত, ডাল ও আলুভাজা তৈরি থাকলেও মাছ রান্না বাকি। সুযোগ হাতছাড়া না করে নিজেই খড়ির উনুনে বসে পড়েন মাছের ঝোল রাঁধতে। পেঁয়াজ ও মশলা কষিয়ে নিপুণ হাতে মাছ রান্নার পর মাটির বারান্দায় বসে কলাপাতায় পরিবারের সদস্যদের সঙ্গে পাত পেড়ে খাওয়া-দাওয়া করেন তিনি। প্রার্থীর এমন ঘরোয়া মেজাজ দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।

ব্যক্তিগত জীবনে রান্না করতে ভালোবাসলেও কাজের চাপে এখন আর সময় পান না বলে জানান আশিস কুণ্ডু। তবে প্রচারের মাঝে এই সুযোগ পেয়ে তিনি আনন্দিত। বর্তমান যুগে দেওয়াল লিখন বা সোশ্যাল মিডিয়া প্রচারের পাশাপাশি ভোটারদের অন্দরে ঢুকে এমন ব্যক্তিগত ও মানবিক ছোঁয়ার মাধ্যমে জনসংযোগের কৌশল এখন রাজনৈতিক মহলে বিশেষ নজর কাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *