ভোটার্স ডে-তে রাজ্যজুড়ে শত শত বিএলও-কে বিশেষ সম্মান জানানো নিয়ে শুরু তীব্র বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ রাজ্যজুড়ে ৫৮৮ জন বুথ লেভেল অফিসার বা বিএলও-কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্বে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সেরকম দুজন করে বিএলও এবং একজন করে এইআরও-কে তাঁদের কাজের স্বীকৃতির জন্য বেছে নেওয়া হয়েছে। মূলত নির্ভুল কাজ এবং অন্য কর্মীদের সহায়তা করার ভিত্তিতেই এই নামগুলো চূড়ান্ত করেছেন জেলাশাসকরা। তবে এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে, যেখানে অনেকে মনে করছেন এটি প্রাপ্য সম্মান, আবার অনেকে এর নেপথ্যে অন্য কারণ দেখছেন।
কমিশনের এই উদ্যোগকে বিএলওদের একাংশ ‘ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন। অভিযোগ উঠেছে, সংশোধনের কাজ করতে গিয়ে অত্যধিক মানসিক চাপে রাজ্যজুড়ে একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন এবং আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। প্রতি পদে নতুন নির্দেশিকা ও কঠোর পরিশ্রমের পর এই সংবর্ধনা কর্মীদের ক্ষোভ প্রশমনের কৌশল কি না, সেই প্রশ্নও উঠেছে। অন্যদিকে, বড় অংশের দাবি হলো, হাড়ভাঙা খাটুনির পর ভালো কাজের স্বীকৃতি পাওয়া দোষের কিছু নয়। সব মিলিয়ে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সরগরম প্রশাসনিক ও রাজনৈতিক মহল।

