ভোটার তালিকায় এল শশী পাঁজার নাম, জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার গভীর রাতে প্রকাশিত হলো নির্বাচন কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টা নাগাদ এই তালিকা প্রকাশ করা হয়। কমিশনের এই বিলম্বিত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এই সংশোধিত তালিকায় একাধিক নাম সংযোজন ও সংশোধনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নাম ছিল না, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়। তবে শুক্রবারের নতুন তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সেই বিতর্কের অবসান ঘটল।
শশী পাঁজার পাশাপাশি কাজল শেখের নাম তালিকায় উঠলেও তৃণমূলের আরও নয়জন প্রার্থীর নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ পর্যায়ে রয়েছে। ফলে তাঁদের প্রার্থীপদ নিয়ে এক ধরণের অনিশ্চয়তা বজায় আছে। শশী পাঁজা এবারও কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকেই জোড়াফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

