ভোটার তালিকায় ‘কারচুপি’ ও হয়রানি! কমিশনকে চরম হুঁশিয়ারি দিয়ে কী জানাল তৃণমূল? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম বাদ পড়া এবং সাধারণ ভোটারদের চরম হয়রানির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সোমবার সিইও মনোজ আগরওয়ালের কাছে পাঁচ দফা দাবি পেশ করে শাসকদলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন স্পষ্ট জানানো হয়, বয়স্ক, অসুস্থ এবং পরিযায়ী শ্রমিকদের অহেতুক হেনস্থা বন্ধ করে অবিলম্বে সন্দেহভাজন ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে।
তৃণমূলের দাবি, ৮৫ ঊর্ধ্ব ও শারীরিকভাবে অক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি এবং বিদেশে থাকাদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে হবে। দ্রুত সঠিক পদক্ষেপ না নেওয়া হলে এবং দাবির সদুত্তর না মিললে মঙ্গলবার ফের কমিশন দফতরে যাওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রতিনিধিরা। সিইও কিছু বিষয়ে আশ্বস্ত করলেও বিএলএ সংক্রান্ত নির্দেশিকা জারির অপেক্ষায় রয়েছে ঘাসফুল শিবির।

