ভোটার তালিকায় নাম তুলছে বিজেপির বহিরাগতরা, দিল্লি-মহারাষ্ট্র মডেলে ভোটচুরির ছক! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা ও আসানসোল: ভোটার তালিকা থেকে ‘অনুপ্রবেশকারী’ বাদ দেওয়ার হুঙ্কার দিয়েও এখন উল্টো চাপে গেরুয়া শিবির। রাজ্যে সংগঠনের হাল ফেরাতে এবার দিল্লি বা মহারাষ্ট্রের ধাঁচে ভিন রাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিশেষ করে আসানসোল-দুর্গাপুর, ব্যারাকপুর ও হুগলির মতো হিন্দিভাষী শিল্পাঞ্চলগুলোতে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে আসা লোকেদের নাম নথিভুক্ত করানোর অভিযোগ উঠেছে।
তৃণমূলের দাবি, নির্বাচনে জয়ের জন্য বিজেপি এখন ‘ভোটচুরির’ ফর্মুলা বেছে নিয়েছে। হরিয়ানা বা উত্তরপ্রদেশে ভোট দেওয়া ব্যক্তিদের এখানে ৬ নম্বর ফর্ম পূরণ করিয়ে ভোটার করার প্রক্রিয়া চলছে। এমনকি বিরোধীদের ভোট ছাঁটতে ৭ নম্বর ফর্ম ব্যবহারেরও অভিযোগ উঠেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে সরব হয়েছেন। বুধবার রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও শশী পাঁজার নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বিজেপির এই ‘অপকৌশলের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত এক মাসে রাজ্যে ভোটার হওয়ার জন্য প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার নতুন আবেদন জমা পড়েছে। শাসকদলের মতে, ভোটার তালিকায় এই অস্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিক নয়। যদিও বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তীর দাবি, “যেকোনো ভারতীয় নাগরিক বাংলার ভোটার হওয়ার আবেদন করতে পারেন, এতে অন্যায়ের কিছু নেই।” তবে সব কর্মসূচি বাতিল করে বিজেপির ফর্ম পূরণে ঝাঁপিয়ে পড়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

