লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম সংশোধন: ২৯ লাখ আবেদনের নিষ্পত্তি, রাতে প্রকাশ পাচ্ছে প্রথম তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে বড়সড় অগ্রগতি ঘটল। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৯ লাখ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাত ৯টার পর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অতিরিক্ত নামের তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তবে সার্ভার দিল্লিতে থাকায় ঠিক কতজন আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি কমিশন।

বর্তমানে ৭০৫ জন বিচারক এই নিষ্পত্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ‘ই-সাইন’ হয়ে আসা নামগুলোই ধাপে ধাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় কাজ শেষ হয়েছে। তবে অনেক ক্ষেত্রে ‘ই-সাইন’ সংক্রান্ত জটিলতায় কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে। বিচারাধীন থাকা প্রায় ৬০ লাখ নামের তালিকা পর্যায়ক্রমে প্রকাশিত হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত এই ট্রাইব্যুনালের পরিকাঠামো প্রস্তুতির জন্য মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমসহ বিশিষ্ট আইনজীবীরা এই প্রক্রিয়ায় থাকছেন। সংক্ষুব্ধ আবেদনকারীরা এই ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *