লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নেই প্রাক্তন সেনার নাম: নোয়াপাড়ায় বাড়ছে নাগরিকত্ব নিয়ে উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

নোয়াপাড়া বিধানসভার দেবীতলা এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা জওয়ান সুজয় রায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২৮ বছর দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করা এই প্রাক্তন সেনাকর্মী ২০০৪ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন। এসআইআর প্রক্রিয়া চালুর পর খসড়া তালিকায় নিজের নাম না দেখে তিনি হতবাক হয়ে যান। প্রয়োজনীয় সমস্ত নথিপত্র বিএলও এবং ইআরও-র কাছে জমা দেওয়া সত্ত্বেও সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি গভীর দুশ্চিন্তায় পড়েছেন।

আক্ষেপ প্রকাশ করে সুজয়বাবু জানান, পিপিও এবং পরিচয়পত্র সহ সমস্ত প্রমাণপত্র দেওয়ার পরেও তালিকায় নাম না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের জন্য দীর্ঘ লড়াই করার পর এখন তাঁকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এক জন দায়িত্বশীল নাগরিক এবং প্রাক্তন সেনাকর্মীর নাম এভাবে বাদ যাওয়ায় প্রশাসনিক গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

এই ঘটনায় খোদ বিএলও চন্দ্রপ্রভা মণ্ডল নির্বাচন কমিশনের পোর্টাল ও প্রক্রিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, সুজয়বাবুর মতো আরও অনেক ভোটারের পর্যাপ্ত নথিপত্র পোর্টালে সঠিকভাবে আপলোড করা হয়েছিল। তা সত্ত্বেও কেন তাঁদের নাম চূড়ান্ত তালিকায় আসেনি, সেই বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই ঘটনায় দেবীতলা এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠা দানা বাঁধছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *