ভোটার তালিকা থেকে নাম বাদ ও এসআইআর আতঙ্কে ক্ষুব্ধ কংগ্রেস মুর্শিদাবাদে উত্তাল সামশেরগঞ্জ – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকে এসআইআর নিয়ে হয়রানি এবং বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হলো কংগ্রেস। ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিডিও-র কাছে দশ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজ্য ও কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে নিজ দেশেই ভূমিহীন করার চক্রান্ত করছে। কেরল বা তামিলনাড়ুর মতো বিধানসভায় বিল পাস করে এসআইআর না আটকে, রাজ্য সরকার পরোক্ষভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।
বিডিও অফিস থেকে বেরিয়ে ব্লক কংগ্রেস সভাপতি তাসির উদ্দিন ও বর্ষীয়ান নেতা ইসলাম খান নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তাঁদের দাবি, মানুষের উন্নয়ন বা কর্মসংস্থানের পরিবর্তে ভীতি প্রদর্শনকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া এই জটিলতায় সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা উল্লেখ করে তাঁরা রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

