ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ব্রেন স্ট্রোক জলহাটির মহিলার – এবেলা
এবেলা ডেস্কঃ
ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী জলহাটি। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে তীব্র মানসিক অবসাদে আক্রান্ত হলেন এক গৃহবধূ। আতঙ্কে আচমকাই ব্রেন স্ট্রোক হয় তাঁর। বর্তমানে তিনি শরীরের এক পাশ অবশ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অথচ ঘরে তাঁর ক্যানসার আক্রান্ত স্বামী এখন সহায়হীন অবস্থায় পড়ে রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশিত হয়েছে যেখানে প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এই তালিকায় নিজের নাম না দেখে স্তম্ভিত হয়ে যান জলহাটির ওই বাসিন্দা। তাঁর স্বামী জানিয়েছেন যে এর আগে প্রতিটি নির্বাচনেই তাঁর স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করেছেন। হঠাৎ করে কেন নাম বাদ দেওয়া হলো তা বুঝতে পারছেন না কেউই। এই ঘটনার জেরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। তাঁর প্রশ্ন আধার, ভোটার কার্ড এবং প্যান কার্ডের মতো সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষকে এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

