ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে আরও ১০ লক্ষ নাম, সংশয় চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। কমিশন সূত্রে খবর, মৃত ও নিখোঁজ মিলিয়ে ৫৮ লক্ষ নাম আগেই বাদ গিয়েছিল। এবার শুনানিপর্বে আরও প্রায় ১০ লক্ষ ভোটারকে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৭ লক্ষ ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং বাকিদের নথিতে ত্রুটি মিলেছে।
মাইক্রো অবজার্ভারদের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ লক্ষ ৪৪ হাজারের বেশি ভোটারের নথি বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ২০ লক্ষ ভোটারের নথি নিয়ে ইআরও ও এইআরও-রা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সুপ্রিম কোর্টের নির্দেশিত ১৩টি নির্দিষ্ট নথির বাইরে অন্য নথি জমা পড়ায় আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যা যাচাইয়ের কাজ এখনও প্রক্রিয়াধীন।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ২১ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ না হলে সিইও দফতর কমিশনের কাছে বাড়তি সময় চাইতে পারে। জেলাশাসকদের কাছেও কয়েক লক্ষ নথি জমা পড়ে থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রস্তুত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

