ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় দলের এক প্রতিনিধিদল কলকাতার সিইও দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনে দাবি করেন, মাইক্রো অবজার্ভারদের মাধ্যমে বেআইনিভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।
তৃণমূলের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের দেওয়া বৈধ জন্ম শংসাপত্র গ্রহণ করা হচ্ছে না এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধিকারিকদের অবৈধ নির্দেশ পাঠানো হচ্ছে। এছাড়া, নির্দিষ্ট আধিকারিকের লগ-ইন আইডি দূরবর্তী স্থান থেকে ব্যবহার করে বিশেষ কিছু এলাকায় ভোটার তালিকায় কাটছাঁট করার চেষ্টার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ইসিআইনেট পোর্টালে প্রযুক্তিগত ত্রুটির কারণে আপলোড করা নথি অদৃশ্য হয়ে যাচ্ছে বলেও প্রতিনিধিদল দাবি করেছে।
কমিশনের কাছে পাঁচটি মূল দাবি জানিয়ে তৃণমূল নেতৃত্ব অবিলম্বে কারিগরি অডিট এবং হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো বন্ধ করার আর্জি জানিয়েছেন। প্রতিনিধিদলে ছিলেন মহুয়া মৈত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুসহ অন্য নেতারা। তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, কমিশন দ্রুত স্বচ্ছতা বজায় রেখে ব্যবস্থা গ্রহণ না করলে তাঁরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবেন।

