ভোটার তালিকা সংশোধনে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে বড়সড় কারচুপির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগে ঘাসফুল শিবিরের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতে প্রায় দেড় থেকে দুই কোটি বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি অভিযোগ করেছে যে, কমিশন বর্তমানে বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তৃণমূলের দাবি অনুযায়ী, বয়স্ক ও অসুস্থ নাগরিকদের ইচ্ছা করে দূরবর্তী কেন্দ্রে শুনানির জন্য ডাকা হচ্ছে যাতে তাঁরা উপস্থিত হতে না পারেন। মাত্র পাঁচ দিনের সংক্ষিপ্ত সময়ে লক্ষ লক্ষ মানুষের শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা আসাম্ভব বলেও সরব হয়েছেন নেতারা। মৃত বা স্থানান্তরিত ভোটারের নামে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার এই নীল নকশা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছে শাসক দল।

