ভোটার তালিকা সংশোধন: বড় ঘোষণা কমিশনের, শনিবারের মধ্যেই মিলবে ‘অসঙ্গতি’র তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ভোটার তালিকায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি নিয়ে দীর্ঘদিনের টানাপড়েন ও দুর্ভোগ মেটাতে বড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই রাজ্যে অসঙ্গতিপূর্ণ ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তালিকায় নাম থাকার কারণও স্পষ্ট করা হবে।
কমিশনের নতুন গাইডলাইন:
- ১০ দিনের সময়সীমা: তালিকা প্রকাশের পর ভোটাররা তাঁদের নথিপত্র জমা দেওয়ার জন্য ১০ দিন সময় পাবেন।
- নথি জমা ও রসিদ: পঞ্চায়েত, ব্লক বা ওয়ার্ড অফিসে নির্দিষ্ট কাউন্টারে নথি জমা দেওয়া যাবে। নথি জমা দিলে মিলবে রসিদও।
- সশরীরে হাজিরা: নথি জমা দিতে প্রতিনিধি পাঠানো গেলেও, পরবর্তী শুনানিতে (Hearing) সংশ্লিষ্ট ভোটারকে সশরীরে হাজির থাকতে হবে। অনুপস্থিত থাকলে চূড়ান্ত তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে না।
- অন্যান্য সুযোগ: এই ১০ দিনের মধ্যে চাইলে কোনো ভোটারের নামে আপত্তি জানিয়ে ‘ফর্ম-৭’ জমা দেওয়া যাবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে পর্যবেক্ষকরা প্রতিটি নথি স্ক্রুটিনি করবেন। বিশেষ করে বাংলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ সুপ্রিম কোর্ট এ রাজ্যে ৯৪ লক্ষেরও বেশি ভোটারের তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল।
শুনানি চলাকালীন যাতে কোনও অশান্তি বা হিংসা না হয়, সে বিষয়ে রাজ্যের পুলিশ ও প্রশাসনকেও কড়া সতর্কবার্তা দিয়েছে কমিশন। এই পদক্ষেপের ফলে ভোটারদের বিভ্রান্তি ও দীর্ঘদিনের দুর্ভোগ কাটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
