লেটেস্ট নিউজ

ভোটের আগেই বামফ্রন্টে ফাটল! বিমানের চিঠিতে একতরফা প্রার্থী ঘোষণার চরম বিরোধিতা ফরওয়ার্ড ব্লকের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বামফ্রন্টের অন্দরে তীব্র আসন কোন্দল প্রকাশ্যে এল। সোমবার ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরেই জোটের বড় শরিক সিপিএমের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে কড়া ভাষায় চিঠি লিখে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেশ কিছু আসনে একতরফাভাবে প্রার্থী দেওয়া হয়েছে, যা জোটের ঐক্যে বড়সড় ফাটল ধরাল।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, জলপাইগুড়ি সদর, কোচবিহার উত্তরসহ মোট চারটি আসনে তাদের দাবি উপেক্ষা করে সিপিএম নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এছাড়া রানিনগর, সিতাই এবং মধ্যমগ্রামের মতো বিতর্কিত আসনগুলিতেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে নেতাজির দল। এমনকি আলিমুদ্দিনের সাংবাদিক বৈঠকে শরিক নেতাদের উপস্থিতিতেই শ্যামপুকুর আসনের প্রার্থীর নাম চেপে যাওয়ায় চরম বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতৃত্ব।

বর্তমান পরিস্থিতিতে বামফ্রন্টের নির্বাচনী সমীকরণ কার্যত খাদের কিনারায়। ফরওয়ার্ড ব্লক স্পষ্ট করে দিয়েছে যে, বিতর্কিত সাতটি আসনে তারা প্রার্থী দিতে বদ্ধপরিকর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বড় কোনো ভুল বোঝাবুঝি এড়াতে তারা পুনরায় আলোচনায় বসতে চায়। এখন দেখার বিষয়, সিপিএম নেতৃত্ব এই বিদ্রোহী সুর নরম করতে কোনো সমঝোতার পথে হাঁটে নাকি বাম ঐক্যে চিরস্থায়ী ভাঙন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *