ভোটের আগেই ভোটার ছাঁটাই? নির্বাচন কমিশনকে ‘নির্মূল কমিশন’ তোপ সিপিআই এমপির – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ড্রাইভকে ‘স্পেশাল ইনটেনসিভ রিমুভাল’ বা পরিকল্পিত ভোটার ছাঁটাই বলে তীব্র আক্রমণ করেছেন সিপিআই সংসদ সদস্য পি সন্তোষ কুমার। সর্বদলীয় বৈঠকে তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের চিরাচরিত নিয়ম উল্টে এখন শাসকরাই নিজেদের পছন্দমতো ভোটার বেছে নিচ্ছেন। আদিবাসীদের ওপর দমন-পীড়ন এবং মাওবাদ দমনের নামে সাধারণ মানুষ হত্যার বিষয়েও তিনি সরকারের জবাবদিহি দাবি করেন।
সংসদ সদস্য আরও বলেন, আশা কর্মীদের মজুরি বৃদ্ধি এবং মনরেগা প্রকল্প পুনরুদ্ধারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে জনস্বার্থবিরোধী শ্রম কোড ও বীজ বিল প্রত্যাহারের দাবি জানান তিনি। বৈদেশিক নীতি ও রাজ্যগুলোর জন্য কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আসন্ন বাজেট অধিবেশনে এই মৌলিক ইস্যুগুলো নিয়ে আলোচনার দাবি তোলেন।
