লেটেস্ট নিউজ

ভোটের আগেই রণসজ্জা! পুলিশকর্তা ও জেলাশাসকদের নিয়ে জরুরি তলব নির্বাচন কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বঙ্গে বাজল বিধানসভা নির্বাচনের দামামা। ভোটের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণার আগেই কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। আজ, সোমবার রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক, জেলাশাসক এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের নিয়ে হাই-প্রোফাইল বৈঠকে বসছে কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে মূলত রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সূত্রের খবর, সোমবার সকালে আইজি, ডিআইজি, জেলা নির্বাচনি আধিকারিক (ডিইও) বা জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। এরপর বিকেলে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং সিএপিএফ বা আধাসামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবেন তাঁরা।

ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। আগামী ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে চলে আসার কথা রয়েছে। স্পর্শকাতর এবং অতি-স্পর্শকাতর এলাকাগুলোতে এই বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে এবং রুট মার্চ কীভাবে চলবে, আজকের বৈঠকে সেই রূপরেখা নির্দিষ্ট করে দিতে পারে কমিশন।

উল্লেখ্য, প্রতিটি জেলাকে প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমার নির্দেশ আগেই দিয়েছিল কমিশন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। নির্বাচনের মুখে রাজ্যজুড়ে কড়া নজরদারি বজায় রাখার পাশাপাশি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে বিশেষ কড়া বার্তাও দিতে পারেন কমিশনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *