ভোটের আগে তামিলনাড়ুতে মাস্টারস্ট্রোক এনডিএ শিবিরের বড় ধাক্কা খেল শাসক দল ডিএমকে – এবেলা
এবেলা ডেস্কঃ
তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল দক্ষিণ ভারত। শাসক দল ডিএমকে-কে কড়া চ্যালেঞ্জ জানাতে বিজেপি ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটে ফিরে এলেন এএমএমকে প্রধান টি.টি.ভি. ধীনকরণ। গত বছর এডাপ্পাড়ি পালানিস্বামীর সঙ্গে মতভেদের কারণে জোট ছাড়লেও, বর্তমানে তামিলনাড়ুর স্বার্থে পুরনো তিক্ততা ভুলে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই যোগদানকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, এই ঐক্যবদ্ধ ফ্রন্ট আসন্ন নির্বাচনে ডিএমকে জোটকে পরাজিত করতে বড় ভূমিকা নেবে।
ধীনকরণের এই প্রত্যাবর্তনে বিশেষ করে দক্ষিণ ও মধ্য তামিলনাড়ুর থেভার সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক এনডিএ-র দিকে ঝুঁঁকবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিয়ে ধীনকরণ জানিয়েছেন, জয়ললিতার সেই সোনালি শাসনকাল ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। ২৩ জানুয়ারি মাদুরান্তকামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা র্যালিতে সব জোটসঙ্গীরা একই মঞ্চে উপস্থিত থাকবেন, যা ডিএমকে শিবিরের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জোটের শক্তি বৃদ্ধি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।

