ভোটের আগে তৃণমূল ছাড়লেন মঞ্জু বসু: দলীয় টিকিটে ব্রাত্য হয়ে বিস্ফোরক বিদায়ী বিধায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। দলীয় নেতৃত্বের আচরণে অপমানিত বোধ করে এবং যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নিজের কেন্দ্রে ৯৪ হাজারের বেশি ভোটে জয়ী হওয়া সত্ত্বেও এবার তাঁর পরিবর্তে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে টিকিট দিয়েছে শাসকদল।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে মঞ্জু বসু বিস্ফোরক দাবি করেন যে, বর্তমানে দলের জন্য তিনি হয়তো আর যোগ্য নন কারণ তিনি অন্যদের মতো ‘তোলা’ তুলতে পারেন না। সরাসরি দুর্নীতির দিকে ইঙ্গিত করে তিনি জানান, ২০০০ সালে স্বামী বিকাশ বসুর খুনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজনীতিতে এনেছিলেন, কিন্তু আজ সেই মঞ্চেই তাঁকে চরম আসাম্মানিত হতে হলো।
চোখে জল নিয়ে বিদায়ী এই বিধায়ক আক্ষেপ করেন যে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সব উজাড় করে দিলেও বিনিময়ে পেয়েছেন কেবল উপেক্ষা। এমনকি এত বছর ক্ষমতায় থেকেও স্বামীর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে না পারায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। নির্বাচনের ঠিক আগে অভিজ্ঞ এই নেত্রীর দলত্যাগ ও ক্ষোভ প্রকাশ বঙ্গ রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

