ভোটের আগে পুলিশের বড় সাফল্য: চন্দননগরে গ্রেপ্তার ১৫৭ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন ঘোষণা হতেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুনীল যাদব জানান, নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ১৫৭ জন দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এলাকাকে অপরাধমুক্ত করতে বিশেষ অভিযানে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে ১১ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশ সমন্বিতভাবে রুটমার্চ চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করছে।
অন্যদিকে, জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানিয়েছেন যে আগামী ২ এপ্রিল থেকে মনোনয়ন পর্ব শুরু হবে এবং সেই সংক্রান্ত সমস্ত প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে রাজনৈতিক সভা ও মিছিলের অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করার কিছু অভিযোগ আসায় প্রশাসন কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন রুখতে এবং সংবেদনশীল বুথগুলিতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
চন্দননগর ও চুঁচুড়া এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। চিহ্নিত অপরাধীদের গতিবিধির ওপর কড়া নজর রাখার পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলছেন আধিকারিকরা। শান্তিভঙ্গের যেকোনো চেষ্টা রুখতে এবং অস্ত্রশস্ত্র উদ্ধারে এই অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

