ভোটের আগে বড় ঘোষণা: বকেয়া ডিএ এককালীন মেটানোর নির্দেশ রাজ্য সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতর বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা সমস্ত বকেয়া ডিএ এখন দুই কিস্তির বদলে এককালীন প্রদান করা হবে। আগামী ৩১ মার্চের মধ্যে এই অর্থ প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মরত কর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। নিয়ম অনুযায়ী, গ্রুপ এ, বি ও সি ক্যাটেগরির কর্মীদের ডিএ তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। তবে গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। প্রাপকদের সুবিধার্থে বকেয়ার পরিমাণ জানতে একটি বিশেষ পোর্টালও চালু করেছে দফতর।
বকেয়া মেটানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অর্থ দফতরের অ্যাকাউন্টস ব্রাঞ্চ শনি ও রবিবারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতর থেকেও এই কাজ দ্রুত শেষ করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। যদিও ডিএ প্রদানের পদ্ধতি ও সঠিক পরিমাণ নিয়ে কর্মচারী সংগঠনগুলোর একাংশের মধ্যে এখনও কিছু সংশয় ও অমীমাংসিত প্রশ্ন রয়ে গিয়েছে।

