ভোটের আগে বড় চমক! শুভেন্দুর চালে কি ভাগ্য ফিরছে উত্তরবঙ্গের বাগান শ্রমিকদের? – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানের কয়েক হাজার শ্রমিকের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এখন থেকে ভোটার তালিকায় নাম তুলতে বাগানের কর্মসংস্থানের নথিই পরিচয় ও বাসস্থানের বৈধ প্রমাণ হিসেবে গণ্য হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠির পরিপ্রেক্ষিতে কমিশনের এই পদক্ষেপে বাগান এলাকায় খুশির হাওয়া।
শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে ‘উপেক্ষিত কণ্ঠস্বরের জয়’ বলে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে সঠিক নথির অভাবে জনজাতি ও বনবাসী শ্রমিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। প্রশাসনের এই নতুন নিয়মে আসন্ন নির্বাচনে শ্রমিকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে পারে।

