ভোটের আগে ভার্চুয়ালি একাধিক কাজের সূচনা – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী দামামা বাজার আগেই বালুরঘাট শহরজুড়ে উন্নয়নের জোয়ার আনতে এক অভিনব পদক্ষেপ নিলেন পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সুরজিৎ সাহা। চিরাচরিত প্রথা ভেঙে এবং সময় সাশ্রয় করতে তিনি সশরীরে এলাকায় না গিয়ে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের কাজের সূচনা করেছেন। মূলত বিধানসভা নির্বাচনের আগে দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
পুরসভা সূত্রে খবর, বর্তমানে ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে শহরের বিভিন্ন ওয়ার্ডে ৪৬টি রাস্তার সংস্কার ও নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানেই শেষ নয়, শহরবাসীর সুবিধার্থে আরও ২ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৩৫টি নতুন কাজের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। চেয়ারম্যানের সাফ কথা, প্রতিটি কাজের জন্য আলাদাভাবে এলাকায় গিয়ে ঘটা করে উদ্বোধন করলে অনেক সময় নষ্ট হবে। সেই সময়টুকু বাঁচিয়ে উন্নয়নমূলক কাজের তদারকিতে ব্যয় করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।
উন্নয়নের গতি সচল রাখতে চেয়ারম্যানের এই ডিজিটাল এবং সময়োপযোগী সিদ্ধান্ত শহরবাসীর নজর কেড়েছে। প্রশাসনিক মহলের মতে, লাল ফিতের ফাঁসে আটকে না থেকে এই আধুনিক কর্মপদ্ধতি বালুরঘাটের পরিকাঠামো বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

