ভোটের আগে ভুয়ো প্রচার রুখতে কড়া কমিশন, প্রার্থীদের দিতে হবে সমাজমাধ্যম অ্যাকাউন্টের তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী বৈতরণী পার হতে সমাজমাধ্যমে ভুয়ো প্রচার রুখতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এখন থেকে প্রার্থীদের মনোনয়নপত্র পেশের সময় হলফনামায় তাঁদের প্রতিটি সক্রিয় সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। মূলত জনমানসে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।
পাশাপাশি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইন্টারনেট বা সমাজমাধ্যমে যেকোনো বিজ্ঞাপন প্রকাশের আগে ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ (এমসিএমসি)-র আগাম অনুমোদন নিতে হবে। বিনা অনুমতিতে বিজ্ঞাপন দিলে তা নির্বাচনী বিধিভঙ্গ হিসেবে গণ্য হবে। এছাড়া সভার খরচ এবং পেইড নিউজের ওপর কড়া নজরদারি চালাবে জেলা ও রাজ্য স্তরের বিশেষ কমিটি।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও সমাজমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে কমিশন। ভোট মেটার ৭৫ দিনের মধ্যে প্রচারের যাবতীয় খরচের হিসাব দাখিল করতে হবে রাজনৈতিক দলগুলোকে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

