ভোটের আগে মাস্টারস্ট্রোক নবান্নের! জেলার উন্নয়ন খতিয়ে দেখতে নামছেন শীর্ষ আমলারা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে গতি আনতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পথশ্রী’ থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’—সরকারি প্রকল্পের কাজ ঠিকমতো এগোচ্ছে কি না, তা সরাসরি তদারকি করতে একঝাঁক শীর্ষ প্রশাসনিক আধিকারিককে জেলার দায়িত্ব দিল নবান্ন।
মঙ্গলবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন জেলার জেলাশাসকদের (DM) সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এই বিশেষ পর্যবেক্ষকরা। প্রশাসনিক সূত্রের খবর, প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।
একনজরে কোন জেলার দায়িত্বে কে:
- কলকাতা (উত্তর ও দক্ষিণ): শান্তনু বসু ও রাজেশ কুমার সিনহা।
- দক্ষিণ ২৪ পরগনা: ওঁকার সিং মীনা।
- উত্তর ২৪ পরগনা: ডক্টর পি উলগনাথন।
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: ডক্টর রজত নন্দ ও পবন কাদিয়ান।
- মুর্শিদাবাদ ও মালদা: পারভেজ আহমেদ সিদ্দিকি ও চোটেন ডি লামা।
- নদিয়া ও বীরভূম: ডক্টর পি বি সালিম ও পূর্ণেন্দু কুমার মাঝি।
- বাঁকুড়া ও পুরুলিয়া: পি মোহানগান্ধি ও সঞ্জয় বানসাল।
- উত্তর ও দক্ষিণ দিনাজপুর: তানভীর আফজাল ও চৈতালি চক্রবর্তী।
- শিলিগুড়ি ও কোচবিহার: রাজর্ষি মিত্র ও বিধানচন্দ্র রায়।
- আলিপুরদুয়ার ও কালিম্পং: সুনীল আগরওয়ালা ও ডক্টর সৌমিত্র মোহন।
ভোটের বাদ্যি বাজার আগেই সরকারি পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতেই নবান্নের এই বিশেষ তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

