ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দক্ষিণ ২৪ পরগনায় জমা পড়ল ৫১৭টি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র! – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি হলে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং কলকাতা পুলিশ এলাকায় ইতিমধ্যেই ৫১৭টি বন্দুক জমা পড়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ ও বনেদি বাড়ির সদস্যরা নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থেকে এই অস্ত্রগুলি থানায় জমা দিয়ে গিয়েছেন।
গত সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের রিপোর্ট অনুযায়ী, বারুইপুর পুলিশ জেলায় ১৪৫টি, ডায়মন্ড হারবারে ২৯৬টি, সুন্দরবনে ৬০টি এবং কলকাতা পুলিশ এলাকায় ১৬টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। এদের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাখা আধুনিক অস্ত্র যেমন রয়েছে, তেমনই রয়েছে পারিবারিক ঐতিহ্যের পুরনো বন্দুকও। পুলিশ আধিকারিকদের মতে, অনেকেই লাইসেন্স পুনর্নবীকরণের ঝামেলা এড়াতে বা প্রশাসনিক জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই এই পদক্ষেপ নিয়েছেন।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় এখন পুলিশ প্রশাসন লাইসেন্সধারীদের তালিকা মিলিয়ে দেখছে আর কতগুলি অস্ত্র জমা পড়া বাকি আছে। তবে ব্যাংকের নিরাপত্তারক্ষী, পেশাদার খেলোয়াড় এবং জনপ্রতিনিধিদের দেহরক্ষীদের ক্ষেত্রে বিশেষ প্রমাণের ভিত্তিতে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাকি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা না পড়লে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। জেলাজুড়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই বিশেষ তৎপরতা।

