ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে জেলা সফরে সিইও মনোজ আগরওয়াল

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ প্রশাসন। এই আবহে জেলাস্তরের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার থেকেই জেলা সফর শুরু করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, সফরের শুরুতেই তিনি পূর্ব মেদিনীপুরে যাবেন এবং সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে। আদর্শ আচরণবিধি জারির পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং পর্যবেক্ষক নিয়োগের কাজ দ্রুত গতিতে চলছে। প্রতি বুথে ওয়েবকাস্টিং এবং সিসি ক্যামেরার নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। সিইও নিজে ঘুরে দেখবেন যে কমিশনের এই গাইডলাইনগুলি প্রতিটি জেলায় যথাযথভাবে পালন করা হচ্ছে কি না।
সম্প্রতি মালদহের একটি ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং এনআইএ তদন্তের নির্দেশের পর রাজ্য প্রশাসনের ওপর চাপ বেড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই অবাধ নির্বাচনের বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে কড়া বার্তা দিয়েছেন। সেই নির্দেশের পরেই সিইও-র এই ঝটিকা জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেখানে নির্বাচনের প্রস্তুতিতে সামান্যতম খামতি ধরা পড়বে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করাই এই সফরের মূল উদ্দেশ্য। পূর্ব মেদিনীপুর দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য স্পর্শকাতর জেলাগুলিও পরিদর্শন করবেন মনোজকুমার আগরওয়াল। দীর্ঘ সময় পর রাজ্যে কম দফায় ভোট সম্পন্ন করা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ, আর সেই লক্ষ্যেই প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।
