ভোটের ময়দানে এবার ১৫ দিন বাংলায় থাকার চ্যালেঞ্জ শাহের, পালটা তোপ কুণালের

আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনীতি। ভোটপ্রচারে বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার এক বড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের সময় টানা ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন। মূলত দলীয় প্রার্থীদের সমর্থন এবং শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আবহে রাজ্যে এসে শাহ স্পষ্ট করে দেন যে, এবারের নির্বাচনে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বাড়তি গুরুত্ব দিতে তিনি ময়দানেই থাকতে চান। শাহের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপির এই রণকৌশলের পালটা দিতে দেরি করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। অমিত শাহের ‘১৫ দিন বাংলায় থাকা’র মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বিজেপি নেতৃত্বের এই বারবার বাংলায় আসাকে ‘ডেইলি প্যাসেঞ্জারি’র সঙ্গে তুলনা করে বলেন যে, ভোটের আগে শাহ যত দিন খুশি বাংলায় থাকতে পারেন, তাতে তৃণমূলের কোনো আপত্তি নেই। তবে একইসঙ্গে তিনি একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন।
কুণাল ঘোষ সরাসরি আক্রমণ করে বলেন, “দম থাকলে বলুন ভোটের ফল বেরনোর পর একটা দিন বাংলায় থাকব।” তৃণমূল নেতার দাবি, নির্বাচনের আগে ভোট চাইতে অনেকেই আসেন, কিন্তু হারের পর কাউকেই আর খুঁজে পাওয়া যায় না। শাহের দীর্ঘপ্রবাসের পরিকল্পনাকে ঘিরে তৃণমূলের এই পাল্টা চ্যালেঞ্জ আসন্ন নির্বাচনী লড়াইকে যে আরও তীব্র করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। দুই পক্ষের এই বাক্যযুদ্ধে আপাতত তপ্ত বাংলার রাজনৈতিক আবহাওয়া।
